মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার টেঙ্গুরিয়াপাড়ায় ইছামতী নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া পাঁচজনের মধ্যে গতকাল শনিবার চারজনের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা।পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন দৈনিক বাংলাদেশ সময়-এর নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন ছোটন (২৮), কাপড় ব্যবসায়ী গোলাম কিবরিয়া (৩০), ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৮) ও ওয়াহিদ ইমরান (২২)। ছোটনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়, গোলাম কিবরিয়ার বাড়ি ঢাকা দোহারে, শহিদুলের বাড়ি ঢাকার সবুজবাগ এলাকায় এবং ওয়াহিদের বাড়ি নারায়ণগঞ্জে পাইকপাড়ায়। তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিখোঁজ একজনকে গতকাল পর্যন্ত পাওয়া যায়নি।গত শুক্রবার গভীর রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তারা ট্রলারটি শনাক্ত করতে পারলেও লাশ উদ্ধার করতে পারেনি। গতকাল সারা দিন তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে চারজনের লাশ উদ্ধার করে। তাঁদের লাশ দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।অর্ধশতাধিক যাত্রী নিয়ে গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দোসরপাড়ায় লালন মেলায় যাওয়ার উদ্দেশে সিরাজদিখান থানার কাছ থেকে যাত্রা শুরু করে ট্রলারটি। পথে টেঙ্গুরিয়াপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এতে পাঁচজন নিখোঁজ হন। পুলিশ রাতেই বালুবাহী ট্রলারটি আটক করে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম চারটি লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ট্রলারটি শনাক্ত করা হলেও প্রয়োজনীয় জনবলের অভাবে তা উদ্ধার করা সম্ভব হয়নি।