সাংবাদিকসহ দুজনকে কুপিয়ে জখম, লুট
নারায়ণগঞ্জে ফটোসাংবাদিক মাহমুদ হাসান (৩৭) ও তাঁর বন্ুকে কুপিয়ে ক্যামেরা, ল্যাপটপ ও মুঠোফোন লুট করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।
মাহমুদ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক মুক্তবাণীর ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসভাপতি। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বন্ু মাসুদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মাহমুদ হাসান বলেন, রাত সাড়ে ১১টার দিকে তিনি ও মাসুদ সিদিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মোটরসাইকেলে করে শহরের চাষাঢ়ার দিকে আসছিলেন। পথে লামাপাড়ায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকায় দুর্বৃত্তরা তাঁদের গতি রোধ করে। তারা ক্যামেরা, ল্যাপটপ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা মালামাল লুট করে। আহতাবস্থায় তাঁরা শহরের খানপুরে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজিমউদ্দিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে মাহমুদের মাথায় জখম হয়েছে। তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।