সাংবাদিকসহ পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সাংবাদিক সমাজসহ নির্যাতনের শিকার পেশাজীবীদের রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের গণ-অনশন কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়।জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় এ গণ-অনশন কর্মসূচি শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। কর্মসূচিতে বিএনপির সমর্থক বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। তাঁরা বলেন, নির্যাতনের শিকার পেশাজীবীরা ভবিষ্যতে রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবেন।কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতি, শেয়ারবাজার, সার্বভৌমত্ব সব নিঃশেষ হয়ে যাচ্ছে; সেদিকে সরকারের খেয়াল নেই। তারা শুধু চায়, কীভাবে বিরোধী দল ও পেশাজীবীদের নির্যাতন করে ক্ষমতা স্থায়ী করা যায়। মির্জা ফখরুল আরও বলেন, সংলাপের নামে নাটক করে সরকার একতরফাভাবে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা ছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন গ্রহণযোগ্য নয়।’‘পেশাজীবী, বিশেষ করে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও গণমাধ্যমকে দলনের’ প্রতিবাদে এই গণ-অনশন পালিত হয়। কর্মসূচিতে সাংবাদিক আতাউস সামাদ বলেন, ‘ব্রিটিশ আমল থেকে দেখছি, যখনই কোনো সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনগণকে নিপীড়ন করার প্রয়োজন হয়, এর প্রথম খড়্গ পড়ে সাংবাদিকদের ওপর।’বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ সাংবাদিক নিপীড়নের জন্য সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদকে দায়ী করেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি এ কে এম আজিজুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদরুল আমিন, সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।গণ-অনশনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার ও মাহবুবুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।এম কে আনোয়ার বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় সাত হাজার ১০০ মামলা প্রত্যাহার করেছে। রাষ্ট্রপতি ২০ জন ফাঁসির দণ্ড পাওয়া আসামিকে মাফ করে দিয়েছেন। ভবিষ্যতে সত্যিকারের এসব মামলা পুনরুজ্জীবিত করা হবে।বিকেল চারটা ২০ মিনিটে মাহমুদুর রহমানকে জুস পান করিয়ে অনশন ভাঙান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।