সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর মোড়ে গতকাল শনিবার দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আখাউড়া রেলস্টেশনের সামনের জায়গা দখলের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁর ওপর ওই হামলা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়।ওই মানববন্ধনের আয়োজন করে সচেতন আখাউড়াবাসী। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মুসলেহ উদ্দিন। পুলিশ জানায়, লাঠিসোঁটা নিয়ে সাত-আটজনের একদল সন্ত্রাসী উপজেলার রাধানগর মোড়ে সমীরকে একা পেয়ে বেধড়ক পেটাতে থাকে। তারা সমীরের নাক, মুখ ও ডান কানে লাঠি দিয়ে গুরুতর আঘাত করে। পরে এলাকাবাসী সমীরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং পরে সেখান থেকে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুটন বণিক জানান, শনিবার বিকেলে মানববন্ধনের সংবাদ করতে যাওয়া ছাড়াও এর আগে রেলের জায়গা দখলসংক্রান্ত প্রতিবেদন মানবকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়। এ কারণে দখলবাজেরা সমীরের ওপর ক্ষুব্ধ হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি এবং আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি হামলার নিন্দা জানিয়েছে। তারা হামলাকারী সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আখাউড়া থানার এসআই কাঞ্চন কান্তি দাস জানান, এ ঘটনায় রাধানগরের সিদ্দিক মিয়ার ছেলে আল-আমিনকে আটক করা হয়েছে।