সাংবাদিকের ওপর হামলা
কুমিল্লার লাকসামে গতকাল শুক্রবার মনোহরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় লাকসাম থানায় মামলা হয়েছে। হুমায়ুন কবির দৈনিক মানবজমিন পত্রিকার মনোহরগঞ্জ প্রতিনিধি।
হুমায়ুন কবির জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি লাকসাম থেকে মোটরসাইকেলে করে মনোহরগঞ্জে যাচ্ছিলেন। এ সময় তিনি লাকসামের মনোহরগঞ্জ সিএনজিস্ট্যান্ডের সামনে পৌঁছালে পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁকে লাঞ্ছিত ও মারধর করে। তিনি বলেন, কয়েক দিন ধরে লাকসামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি পত্রিকায় ধারাবাহিকভাবে খবর প্রকাশিত হয়েছে। এর জের ধরে তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি লাকসামের রিপন, বাচ্চু ও আরও চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার নিন্দা জানিয়েছেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সব সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। লাকসাম থানার ওসি আবুল খায়ের জানান, ওই সাংবাদিক থানায় মামলা করেছেন।