সাংবাদিকের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি
প্রথম আলোর রাজশাহীর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ দাবিতে গতকাল রোববার বাগমারা থানা মোড়ে মানববন্ধন ও পথসভা হয়েছে।প্রথম আলো বাগমারা বন্ধুসভার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এতে বন্ধুসভার সদস্য ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় পথসভা হয়। এতে বন্ধুসভার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রভাষক কামাল হোসেন, মেজবাহুল হক, জালাল উদ্দিন, হিটলার আলী, রহিদুল ইসলাম, সাংবাদিক মাহফুজুর রহমান, এস এম আরিফ, জিল্লুর রহমান, ইউসুফ আলী, জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।বক্তারা সাংবাদিক মামুনের ওপর হামলার ঘটনায় জড়িত দুলাল, সোহেল রানা, তুহিনসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, থানা থেকে মাত্র ৪০ গজ দূরে এ ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে নীরব ভূমিকা পালন করে। অথচ ২০০ গজ দূর থেকে এসে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।গত শুক্রবার সন্ধ্যায় বাগমারা গ্রামের কয়েকজন মাদকসেবী সাংবাদিক মামুনুর রশিদের ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করে এবং তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।