সাংবাদিকের ওপর হামলা ও মামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট ও বরিশালে সাংবাদিক গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বিএফইউজে এবং ডিইউজের একাংশ l ছবি: প্রথম আলো
সিলেট ও বরিশালে সাংবাদিক গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বিএফইউজে এবং ডিইউজের একাংশ l ছবি: প্রথম আলো

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল-এর বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির ওপর সন্ত্রাসী হামলা এবং মানবজমিন-এর সিলেটের বিশেষ প্রতিনিধি কারাবন্দী সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
পুলক চ্যাটার্জির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বরিশাল প্রেসক্লাবের আয়োজনে নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন বরিশাল-৫ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, এস এম ইকবাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম, জেলা দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, জাতীয় পার্টির সদস্যসচিব বশির আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
গত সোমবার রাতে বরিশাল শহরের উত্তর মল্লিক সড়কের নিজ বাসভবনের সামনে একদল দুর্বৃত্ত পুলক চ্যাটার্জির ওপর হামলা করে।
সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ
সিলেটে সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নগরের শেখ ঘাট এলাকার বাসিন্দারা। এ কর্মসূচিতে চৌধুরী মুমতাজের স্ত্রী, দুই সন্তান ও পরিবারের সদস্যরাসহ সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকেরা যোগ দেন।
গতকাল বিকেল পাঁচটার দিকে নগরের শেখ ঘাট এলাকার মোড়ে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক সালাম মশুরুর, উজ্জ্বল মেহেদী, এম এ হান্নান, সুটন সিংহ, মিসবাহউদ্দিন প্রমুখ। বক্তারা সাংবাদিক মুমতাজকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।
গত মঙ্গলবার নগরের শেখ ঘাট এলাকা থেকে সাংবাদিক চৌধুরী মুমতাজকে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়। সিলেটের সাংবাদিকদের দাবি, মহানগর পুলিশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন করায় পুলিশের রোষানলে পড়েন মুমতাজ।
বাউফলে মানববন্ধন
সারা দেশে সাংবাদিকের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলার সাংবাদিকেরা মানববন্ধন করেছেন। গতকাল বেলা সাড়ে তিনটায় বাউফল রিপোর্টার্স ইউনিটির সামনের সড়কে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ও পাশের দশমিনা উপজেলায় সাংবাদিকেরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন বরিশাল অফিস, নিজস্ব প্রতিবেদক, সিলেট, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি]