সাংবাদিকের ওপর হামলাকারী দুই ছাত্র বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি আয়াজ আজাদের ওপর হামলাকারী দুই ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় সাংবাদিক আয়াজ আজাদের ওপর হামলার ঘটনায় আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান এবং একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তরিকুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন প্রক্টর মেহের আলী, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক টি এম লোকমান হাকিম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে গত শনিবার আয়াজ আজাদের ওপর মেহেদি হাসান ও তরিকুল বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সশস্ত্র হামলা চালান।উপাচার্য এম আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের জায়গা নয়, তাই এখানকার শিক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।