সাংবাদিকের ওপর হামলাকারী সফিউল আজম পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের ওপর হামলাকারী চিকিত্সককে সাময়িক বরখাস্ত করেছে শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল৷ একই সঙ্গে বাংলাদেশ েমডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অভিযুক্ত চিকিৎসকের বিষয়ে জানতে শিকদার মেডিকেলকে নোটিশ পাঠিয়েছে৷ তবে পুলিশ এখনো হামলাকারী চিকিৎসক সফিউল আজমকে ধরতে পারেনি৷
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়ে হামলাকারী চিকিৎসক ও তাঁর সহযোগীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছেন সাংবাদিকেরা৷
যুক্তরাষ্ট্র সফররত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম হামলাকারী চিকিত্সকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি ওই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন৷
হামলাকারী চিকিত্সকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। গতকাল মন্ত্রণালয়ের নিজ দপ্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
সংবাদ প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে গত মঙ্গলবার রাজধানীর রায়েরবাজারের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সফিউল আজম অন্যদের নিয়ে শিশির মোড়লকে আটকে রেখে কয়েক দফা মারধর করেন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম বলেন, আসামিরা পলাতক, তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে৷
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জেড এইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল৷ কলেজের অধ্যক্ষ বিজয় কুমার সরকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, সফিউল আজমের অশোভন আচরণের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখিত ও মর্মাহত৷ এ বিষয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে৷ দেশের বাইরে থাকা হাসপাতালের চেয়ারম্যান জয়নুল হক িশকদার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন বলেও অধ্যক্ষ জানান৷
বিএমডিসির রেজিস্ট্রার জাহেদুল হক বলেন, অভিযুক্ত চিকিৎসককে কীভাবে, কবে নিয়োগ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে হাসপাতালকে নোটিশ দেওয়া হয়েছে৷
মানববন্ধনে শাস্তি দাবি: গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযুক্ত চিকিৎসকের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন৷ ফোরামের সভাপতি তৌফিক মারুফ হামলাকারীদের গ্রেপ্তার এবং ওই চিকিত্সকের চিকিত্সা-সনদ বাতিলসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন৷
মানববন্ধনে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সুমন ও সাবেক সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান, সাংবাদিক মফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এ হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এম এম জসিম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন৷ গণসংহতি আন্দোলন ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে৷