সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
বান্দরবানে একুশে টেলিভিশনের প্রতিনিধিসহ সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে।
সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। এ ছাড়া ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে একদল তরুণও মানববন্ধনে যোগ দেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বান্দরবানে সাংবাদিকেরা হামলার শিকার হচ্ছেন। মামলা হলেও দোষী কাউকে পুলিশ গ্রেপ্তার করছে না। সর্বশেষ গত মঙ্গলবার একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম টিটু হামলার শিকার হন। এ ছাড়া আরও বেশ কয়েকটি হামলা ও হামলাচেষ্টার ঘটনা ঘটেছে।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, সাংবাদিক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। মামলার আসামি দুই চাল ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।