সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়িতে প্রথম আলোর প্রতিনিধি তৌহিদী হাসানসহ চারজন সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন ও সমাবেশ করেছেন কুষ্টিয়ার সাংবাদিকেরা। শহরের মজমপুর গেটে রাজাকার চত্বরে গতকাল দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রের সাংবাদিকেরা অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাভিশন ও বাসসের প্রতিনিধি নুর আলম, আরটিভির প্রতিনিধি শেখ হাসান বেলাল, দেশ টিভির প্রতিনিধি শরীফ বিশ্বাস, সমকাল পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ রানা প্রমুখ। বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি পৌর আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ঠিকাদার আলী হোসেনসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।