সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে আরটিভির সাংবাদিক শেখ তোফাজ্জল হোসাইনের ওপর হামলার ঘটনায় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সদর থানায় যুবদল ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন। তবে তোফাজ্জল হোসাইনের বাবা জেলা যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
নাটোর সদর থানা সূত্র জানায়, গত সোমবার দুপুরে হরতাল চলাকালে শহরের কানাইখালীতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের দৃশ্য ধারণের সময় শেখ তোফাজ্জল হোসাইন গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বুধবার রাতে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রুহুল আমিন ওরফে বিপ্লব সদর থানায় মামলা করেন। মামলায় শহর যুবদলের সম্পাদক আবদুল মালেক, শহর জামায়াতের আমির রাসেল হোসেনসহ ২৬ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়।
এদিকে তোফাজ্জল হোসাইনের বাবা শহিদুল্লাহ শেখ গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে লিখিত নালিশ করেন। নালিশে জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি এহিয়া চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
যুবলীগের নেতার করা মামলার ঘটনায় শহিদুল্লাহ শেখ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমার ছেলের বিষয়ে মামলা করার তাঁরা কে? তাঁদের বিরুদ্ধেই তো আমার অভিযোগ রয়েছে। থানার পুলিশ এই মামলা গ্রহণ করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।’