সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ভুল স্বীকার, ক্ষমা চাইলেন টি ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি আবদুর রবের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলাম ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তরিকুল চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এসে গত রোববার বিকেলে সাংবাদিকদের সামনে ওই ক্ষমা চান।

প্রসঙ্গত নাচোল উপজেলার মানিকাড়া গ্রামে একটি পুকুর খনন করায় ওই গ্রামে ২০/২৫ বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া এলাকার তিন পুকরা নামের তিনটি খাসপুকুরকে কেটে একটি পুকুরে পরিণত করে দখল এবং অন্যের জমির পাশে গভীর নালা কাটার অভিযোগ পেয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য গত বছরের ২৬ আগস্ট সেখানে যান ওই দুই সাংবাদিক। এ সময় তরিকুলের নির্দেশে তাঁর কর্মচারীসহ ভাড়া করা লোকজন সাংবাদিকদের ওপর হামলা চালান। তাঁরা আনোয়ার ও রবের দুটি ক্যামেরা ও দুটি মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং একটি মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় সঙ্গে থাকা আদিবাসী নেতা বঙ্গপাল সর্দার ও চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলীউজ্জামান নূরকেও মারধর করেন তাঁরা।

এর আগে তরিকুল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের দখলে থাকা একটি পুকুরের পানিতে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগে ক্ষুদ্র জাতিসত্তার মানুষজনসহ সাংবাদিক আনোয়ার, জনকণ্ঠ-এর রাজশাহীর ফটোসাংবাদিকসহ ২৪ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া আনোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজিসহ ৫৭ ধারায় একটি মিথ্যা মামলাও করা হয়।

এসব ঘটনায় তরিকুল ভুল স্বীকার করে গত রোববার আনোয়ার ও রবের কাছে ক্ষমা চান এবং আনোয়ারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি তোসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, শহীদুল হুদা, রবিউল হাসান, মো. আব্দুল্লাহ ছাড়াও সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, নাসিম মাহমুদ, সাজেদুল হক, মনোয়ার হোসেন, কামাল শুকরানা প্রমুখ।