সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন।
গতকাল বুধবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধনে সংহতি জানান শিক্ষকেরাও।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, যোগাযোগ বৈকল্য বিভাগের প্রভাষক শারমিন আহমেদ প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকতা বিভাগের প্রত্যেক ব্যাচের পক্ষ থেকে শিক্ষার্থীরা বক্তব্য দেন। তাঁরা বলেন, সাব্বিরের ওপর এ সন্ত্রাসী হামলাকে হালকাভাবে উপস্থাপনের জন্য পুলিশ এটাকে ছিনতাইয়ের ঘটনা বলছে। ছিনতাইয়ের ঘটনা হলে সন্ত্রাসীরা প্রথমেই হামলা না করে তাঁর কাছে থাকা মূল্যবান জিনিস ও টাকাপয়সা দাবি করত। কিন্তু তা না করে সাব্বিরকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই চাপাতি নিয়ে হামলা করে সন্ত্রাসীরা।
গত সোমবার রাজধানীর আদাবরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক সাব্বিরের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।