সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের স্থানীয় দৈনিক কলমের কণ্ঠ-এর সাংবাদিক তন্ময় দাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংবাদকর্মীরা।
গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে ওই মানববন্ধন হয়।
গত বৃহস্পতিবার দুপুরে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তন্ময়কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। ছাত্রলীগের কলেজ শাখার সদস্য এবং কর্মপরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদ ওরফে মুন্নার নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। আহত তন্ময়কে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তন্ময় বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের বরিশাল জেলা কমিটির তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক।
বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবালসহ মুরাদ আহম্মেদ, সৈয়দ মেহেদী হাসান, প্রাচুর্য রানা, এম লোকমান, আরিফ হোসেন, এম সুহাদ, আবুবকর সিদ্দিক প্রমুখ।
অভিযুক্ত ফয়সাল আহম্মেদ বলেন, কলেজ ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তন্ময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁকে বারণ করায় সেখানে সাধারণ ছাত্রদের সঙ্গে তন্ময়ের হাতাহাতির ঘটনা ঘটে।