সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পাবনার বেড়া উপজেলা সদরে সাংবাদিক সরকার আরিফুর রহমান ওরফে আরব আলীকে (৬৫) পিটিয়ে আহত করার প্রতিবাদে পাবনায় কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন করেছেন। পাবনা প্রেসক্লাব শহরের আবদুল হামিদ সড়কে গতকাল রোববার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
গতকাল দুপুর ১২টার দিকে জেলা শহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা আবদুল হামিদ সড়কের প্রেসক্লাব মোড়ে সমবেত হন। পরে তাঁরা মানববন্ধন করেন। আধা ঘণ্টার এ মানববন্ধনে সাংবাদিক আরব আলীকে পিটিয়ে আহত করার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম, টেলিভিশন সাংবাদিক সমিতি পাবনার আহ্বায়ক রাজিউর রহমান, পাবনা জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খান প্রমুখ।
প্রেসক্লাব সম্পাদক আখিনূর ইসলাম বলেন, ‘একজন সাংবাদিকের ওপর হামলা মানে দেশের বিবেকের ওপর হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।’
প্রসঙ্গত, সরকার আরিফুর রহমান পাবনা থেকে প্রকাশিত দৈনিক এ যুগের দীপ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি পাবনার বেড়া উপজেলার দক্ষিণ কর্মকার পাড়ার বাসিন্দা। ১৭ নভেম্বর রাত আটটার দিকে তিনি বেড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি ৯ জনকে আসামি করে বেড়া থানায় মামলা করেছেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বেড়া থানার পরিদর্শক তদন্ত (ওসি তদন্ত) মাসুদ রানা বলেন, মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।