সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
দৈনিক সমকাল-এর নড়াইলের কালিয়া উপজেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মশিউল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শহরে মানববন্ধন করা হয়েছে।নড়াইল প্রেসক্লাব আয়োজিত আধা ঘণ্টার মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন, ডানিয়েল সুজিত বোস, সাথী তালুকদার, কামাল আহম্মেদ, পনিয়েল, শাহরিয়ার রিজভী প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।রোববার রাতে সাংবাদিক মশিউল হক ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা ঘরের জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। এতে তিনি ও তাঁর স্ত্রী রিনা পারভিন গুরুতর আহত হন। তাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছরোয়ার হোসেন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। এদিকে সাংবাদিক মশিউল হকের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, সাধারণ সম্পাদক মহম্মদ আলী, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনায়েত করিম, বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন প্রমুখ।