সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত দায়িত্ব পালন করার সময় চ্যানেল আইয়ের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকেরা।জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন গোলাম মোস্তফা, সৈয়দ নাজাত হোসেন, আনোয়ার হোসেন, ডাবলু কুমার ঘোষ, শহীদুল হুদা, ইমতিয়ার ফেরদৌস প্রমুখ।কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাম্যবাদী দলের নেতা কামাল উদ্দীন ও জাসদের নেতা মনিরুজ্জামান। বক্তারা আশরাফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ১৪ ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তার ও ক্যামেরা উদ্ধারের দাবি জানান। এ সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকেরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন বলে বক্তারা উল্লেখ করেন। পরে সাংবাদিকেরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ভিডিওচিত্র ধারণ করার সময় আশরাফুল ইসলামের ওপর সন্ত্রাসীরা হামলা চালায় এবং ক্যামেরা কেড়ে নেয়। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে।