সাংবাদিকের ওপর হামলায় আরেক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আসামির বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ওই আসামির নাম নুরুল আবছার খোকন (২৮)। শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নুরুল আবছার খোকন নাজিরপাড়া এলাকার বাসিন্দা। সাংবাদিকদের ওপর হামলার মামলায় প্রধান আসামি নুরুল হক ওরফে ভূট্টোর ছোট ভাই তিনি।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, গত ১৩ মে টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় নেতৃত্বে দিয়েছিলেন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ওরফে ভূট্টো। এ ঘটনায় এজাহারনামীয় ১৯ জনসহ ৩৪জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। ওই মামলার তিন নম্বর আসামি নুরুল আবছার খোকন। বেলা ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এসআই কাঞ্চন কান্তি দাশ বলেন, এ পর্যন্ত অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নুরুলকে রোববার আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে। তিনি বলেন, এ পর্যন্ত লুট হওয়া সাংবাদিকদের ক্যামেরা, ল্যাপটপ উদ্ধার হয়নি। এটা উদ্ধারের পাশাপাশি মামলার অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ মে শুক্রবার টেকনাফে পাঁচজন সাংবাদিককে কুপিয়ে জখম করেন ইয়াবা ব্যবসায়ীরা। হামলাকারী ব্যক্তিরা সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যান। এ ছাড়া সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসেও ভাঙচুর করা হয়।