সাংবাদিকের ওপর হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাংবাদিক যতীন্দ্র মোহন চৌধুরীর ওপর হামলা চালানোর ঘটনায় জড়িত সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বারিউড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই তরুণ হলেন সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের ইব্রাহিম মিয়া (২৩) ও ইসলামাবাদ গ্রামের পারভেজ তালুকদার (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যতীন্দ্র মোহন চৌধুরী (৬৬) ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক সরোদের সরাইল উপজেলা প্রতিনিধি। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য। গত শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি কাজ শেষে সরাইল বিশ্বরোড মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় উপজেলার শাহবাজপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ওই অটোরিকশায় আগে থেকেই চালকসহ চার ডাকাত বসা ছিল। এক কিলোমিটার পথ অতিক্রম করার পর সরাইলের কুট্টাপাড়া এলাকায় দুই ডাকাত যতীন্দ্র মোহনের চোখ বেঁধে ফেলে। এ সময় ডাকাতদল তাঁকে ছুরিকাঘাত ও মারধর করে একটি ক্যামেরাসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পরে তারা তাঁকে অটোরিকশা থেকে লাথি মেরে মেলে দেয়। এ ঘটনায় গত রোববার তিনি বাদী হয়ে সরাইল থানায় ডাকাতি মামলা দায়ের করেন। এ নিয়ে ১২ জুন প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ঘটনার সঙ্গে ইব্রাহিম ও পারভেজ জড়িত। গতকাল বুধবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।