সাংবাদিকের নামে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদ
নীলফামারীর ডোমারে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় দুই সাংবাদিকের নামে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলার সাংবাদিকেরা। গতকাল সোমবার এ কর্মসূচি পালন করেন তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গতকাল বেলা ১১টা থেকে ‘ডোমার উপজেলার সকল সাংবাদিক’ ব্যানারে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। পরে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
ডোমার প্রেসক্লাবের সহসভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বক্তৃতা করেন তোজাম্মেল হোসেন, আবু ফাত্তাহ কামাল, রওশন রশীদ, আবদুল্লাহ আল-মামুন, জুয়েল বসুনিয়া প্রমুখ। তাঁরা মামলা থেকে ডোমার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ডোমার প্রতিনিধি মোজাফ্ফর আলী এবং দপ্তর সম্পাদক ও অনলাইন পোর্টাল রাইজিং বিডির প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদের নাম প্রত্যাহারের দাবি জানান। সেই সঙ্গে ওসি মোয়াজ্জেম হোসেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমানেরও অপসারণ দাবি করেন।