সাংবাদিকের নামে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীর ডোমারে ২০১৪ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় দুই সাংবাদিকের নামে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছেন ওই উপজেলার সাংবাদিকেরা। এ সময় তাঁরা দুই পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করেন।
ডোমার বাজার রেলঘুমটি মোড়ে বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডোমার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর ডোমার প্রতিনিধি মোজাফ্ফর আলী এবং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ‘রাইজিং বিডি’ অনলাইন পত্রিকার প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুনের নামে এ অভিযোগপত্র দেওয়া হয়। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে।
২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া মাদ্রাসা ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জানুয়ারি ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম হুমায়ুন করীর ডোমার থানায় অজ্ঞাত ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে একটি মামলা করেন। প্রায় ১৫ মাস পর তদন্ত শেষে ওই মামলায় পুলিশ চলতি বছরের ২৩ এপ্রিল ওই দুই সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের ৪০ নেতা-কর্মীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ডোমার প্রেসক্লাবের মোজাম্মেল হোসেন, সহসম্পাদক রওশন রশীদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ডোমার সাংবাদিক সমিতির সভাপতি আবু ফাত্তাহ কামাল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ডোমার প্রেসক্লাবের সহসভাপতি আবদুর রাজ্জাক।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে ডোমার থানা-পুলিশের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তাঁদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা করা হয়েছে। ওই সহিংসতার ঘটনায় ওই দুই সাংবাদিক জড়িত ছিলেন না। বক্তারা এ সময় ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মিজানুর রহমানের অপসারণ দাবি করেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনেরও ঘোষণা দেওয়া হয়।
ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, সাংবাদিকতার পাশাপাশি তাঁরা দুজনেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মোজাফ্ফর আলী ডোমার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ইয়াসিন মোহাম্মদ সিথুন ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের নামে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।