সাংবাদিকের প্রধান বিবেচ্য বিষয় সত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রধান সম্পাদক রাজ কমল ঝা গতকাল প্রথম আলোতে তরুণ সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন l ছবি: প্রথম আলো
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রধান সম্পাদক রাজ কমল ঝা গতকাল প্রথম আলোতে তরুণ সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন l ছবি: প্রথম আলো

‘সাংবাদিকের প্রধান বিবেচ্য বিষয় হলো সত্য। দেশ ও দেশের মানুষ সুফল পায় যদি সত্যিটা প্রকাশ পায়।’ কথাগুলো বললেন ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রধান সম্পাদক রাজ কমল ঝা। গতকাল রোববার কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে প্রতিষ্ঠানের নবীন কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
বদলে যাওয়া গণমাধ্যম, এর ফলে ছাপা পত্রিকার সাংবাদিকতার চ্যালেঞ্জ, এ পেশার নৈতিকতা, সাংবাদিকতার কারিগরি নানা দিক রাজ কমল ঝায়ের আলোচনায় উঠে আসে। এ বিষয়গুলো নিয়ে নবীন কর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
রাজ কমল ঝা বলেন, ‘একজন চিকিৎসক যখন অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে যান, তখন নিশ্চয়ই কেউ তাঁর দেশপ্রেম আছে কি নেই তা নিয়ে প্রশ্ন করে না। সাংবাদিকের কাজের সময় তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।’ ঝা বলেন, জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন—সাংবাদিকদের চাপে রাখতে এ দুটো বিষয় সব সময়ই ব্যবহার করে সরকার।
বিশ্বাসযোগ্যতা নির্মাণকে সাংবাদিকের একটি বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করেন ঝা। তিনি বলেন, ভুল সংবাদ লেখার চেয়ে সংবাদ না করা ভালো। সংবাদে ব্যবহার হওয়া ব্যক্তির নাম, উক্তি লেখার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।
সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচন, পাকিস্তানে ভারতের সাম্প্রতিক সার্জিক্যাল স্ট্রাইক এবং এ-সংক্রান্ত সংবাদ পরিবেশন নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠে আসে আলোচনায়। মার্কিন নির্বাচনে বেশির ভাগ সংবাদপত্র ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি জিতে যাচ্ছে বলে অভিমত প্রকাশ করার পরও ফল উল্টো হলো। প্রথম আলোর এক কর্মীর প্রশ্ন ছিল, ‘মার্কিন গণমাধ্যমের কি তাহলে প্রভাবিত করার ক্ষমতা নেই, নাকি এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অভাব?’ ঝার মতে, মার্কিন নির্বাচনের ফলাফল বলছে, সাংবাদিকতা মানুষের কাছে গিয়ে হয়নি। ঘরে বসে সাংবাদিকতা হলে বাস্তব পরিস্থিতি উঠে আসে না।
ভারতের দাবি করা সার্জিক্যাল স্ট্রাইকের সংবাদ পরিবেশনার ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যম কতটুকু বস্তুনিষ্ঠ থেকেছে? এমন প্রশ্নের জবাবে রাজকমল ঝা বলেন, এটি এমন একটি ঘটনা যার উৎস সেনাবাহিনী। পত্রিকার যেখানে যাওয়ার সুযোগ নেই সেখানে উৎস হিসেবে সেনাবাহিনীর কথাই বলতে হবে। এটি যে পত্রিকার কথা নয়, পাঠক যেন তা নিশ্চিত হতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে।
বর্তমান সাংবাদিকতায় প্রথাগত ষড় ‘ক’ (কী, কে, কেন, কোথায়, কখন, কীভাবে) এর মৃত্যু হয়ে গেছে—এমন মন্তব্য করেন ঝা। এর বাইরে আরও একাধিক প্রশ্ন তৈরি করতে হবে পত্রিকার প্রতিদেককে। তিনি বলেন, কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম, টেলিভিশনে চলে যায়। সংবাদপত্রকে অবশ্যই পাঠককে ভিন্ন কিছু দিতে হবে। ঝার মতে, পত্রিকার সাংবাদিককে অনুসন্ধানী এবং বিশ্লেষণী প্রতিবেদন অবশ্যই করতে হবে। আর এর মাধ্যমে ঘটনার পেছনের ঘটনা তুলে ধরতে হবে। পত্রিকার অস্তিত্বের স্বাথেই এটি জরুরি। তিনি বলেন, যেখানে ক্যামেরা যায় না, পত্রিকার কাজ সেখানেই।