সাংবাদিকের প্রাণনাশের চেষ্টা প্রতিবাদে মানববন্ধন
নাটোরে ৭১ টিভি ও ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধি বুলবুল আহমেদের প্রাণনাশের চেষ্টার অভিযোগে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
সংবাদ প্রকাশের জের ধরে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজারে তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও তাঁর লোকজন ওই সাংবাদিককে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা করেন।
ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক দুলাল সরকার। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘সমাজের অনিয়ম ও অসংগতি তুলে ধরাই একজন সাংবাদিকের দায়িত্ব। বুলবুল সেই কাজটিই করেছেন। এ কারণেই তাঁকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য।’ তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সাংবাদিক বুলবুল আহমেদ দাবি করেন, মাস চারেক আগে সদর উপজেলার চন্দ্রকলা এসআই উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি আদায় করেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকেরা। এ ব্যাপারে ৭১ টিভি একটি প্রতিবেদন প্রচার করে। পরে উচ্চ আদালতের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বর্ধিত টাকা ফেরত দেয়। ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা ওমর ফারুক এর জের ধরে গত বৃহস্পতিবার বুলবুল আহমেদকে মুঠোফোনে ডেকে নেন। বুলবুল আসা মাত্রই ওমর ফারুকের লোকজন গালিগালাজ করেন এবং কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে লোহার রড দিয়ে প্রাণনাশের চেষ্টায় তাঁর মাথায় আঘাত করতে উদ্যত হলে বুলবুল দৌড়ে প্রাণ বাঁচান।
এ ব্যাপারে বুলবুল বাদী হয়ে গত শুক্রবার রাতে সদর থানায় ওমর ফারুকসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
অবশ্য ওমর ফারুক সাংবাদিক বুলবুলকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।’
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, সাংবাদিক লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।