সাংবাদিকের বাড়ি গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা
দৈনিক সংবাদ-এর নিজস্ব প্রতিবেদক মহসীন ইসলামের গাজীপুর সদর উপজেলার দক্ষিণ কলমেশ্বর এলাকার বাড়ির অংশবিশেষ ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা। সড়ক প্রশস্ত করার অজুহাত দেখিয়ে সন্ত্রাসীরা গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঘুমন্ত নারী-পুরুষ-শিশুর ওপর হামলা করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এ ঘটনা ঘটায়।খবর পেয়ে সকালে স্থানীয় গাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ভাঙচুরে নেতৃত্বদানকারীদের একজন আক্কাছ মিয়াকে (৪০) আটক করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত থানায় মামলা হয়নি। চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, যে সময় ও কায়দায় বাড়ি ভাঙচুর করা হয়েছে তা নিন্দনীয়। সড়ক প্রশস্তের বিষয় হলে তা নিয়মতান্ত্রিকভাবে করতে হবে।সাংবাদিকের পরিবারের সদস্য ও অন্যরা জানান, অন্ধকার রাতে আক্কাছ মিয়া, আবদুর রব, আফসার হোসেন, সিদ্দিক, খোরশেদ, জুয়েল, বকুল ও মোখলেসের নেতৃত্বে ৩০-৩৫ জন শাবল, খুন্তি, কোদাল, হাতুড়ি নিয়ে অতর্কিতভাবে বাড়ি ভাঙে। এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।