সাংবাদিকের বাড়ি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আওয়ামী লীগ নামধারী সন্ত্রাসীরা সাংবাদিকের বাড়ি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সন্ত্রাসীরা ওই বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। হত্যার উদ্দেশ্যে মারধর করেছে পরিবারের লোকজনকে। ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ভয়ে ওই সাংবাদিকের পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফখান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সাবেক লেকচারার ও নিউজ বাংলা ডটনেটের সহকারী সম্পাদক দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর মা ফজিলাতুন নেছা ও বড় বোন জুলেখা আক্তার।লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ২০০৯ সালের ২০ অক্টোবর সন্ত্রাসীরা দুই লাখ টাকা চাঁদার দাবিতে তাঁদের বাড়িতে হামলা চালায়। মারধর করে তাঁর মা ফজিলাতুননেছা, বড় বোন জুলেখা বেগমসহ কয়েকজনকে। সেখান থেকে পালিয়ে কোনোমতে তাঁরা প্রাণে বাঁচেন। থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে মামলা করেন। মামলা করার পর আওয়ামী লীগ নামধারী সন্ত্রাসী মোশারফ, বাবু, ফারুক ও তার বাহিনী ক্ষিপ্ত হয়ে ৮ নভেম্বর তাঁর ভাগনে রানাকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে জখম করে। সোনারগাঁ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে আপস করে ফেলতে বলে। গত ২০ দিন সন্ত্রাসীদের ভয়ে তাঁরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এক ভাইয়ের সঙ্গে দেলোয়ারের জমি নিয়ে বিরোধ রয়েছে। পুলিশ তা মেটানোর চেষ্টা করছে। কিন্তু গত বৈঠকে দেলোয়ার যোগ দেননি।