সাংবাদিকের বাড়িতে অভিযান
আমাদের সময় পত্রিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও স্কুলশিক্ষক প্রশান্ত সুভাষ চন্দের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই অভিযান চালানো হয়।
অভিযানকালে বসতঘরের তালা ভেঙে ভেতরে তছনছ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ। তবে, প্রশান্ত সুভাষের বাড়িতে অভিযানের কথা নিশ্চিত করলেও ঘরের ভেতর কোনো জিনিসপত্র তছনছ ও লুটের অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন যৌথ বাহিনীর সঙ্গে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান।
প্রশান্ত সুভাষ যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে গতকাল রোববার জেলা প্রশাসকের বরাবরে দেওয়া অভিযোগে উল্লেখ করেন, রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাড়ির দিকে যৌথ বাহিনীর সদস্যরা আসতে দেখে তিনি দৌড়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন।
ইউএনও মো. নুরুজ্জামান বলেন, এক সন্ত্রাসী যৌথ বাহিনী দেখে সুভাষদের বাড়ির দিকে ঢুকে পড়ে। এরপর তাঁরা ওই বাড়িতে সুভাষের চাচাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। কিন্তু সুভাষ যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, সুভাষের অভিযোগ ঠিক নয়।