সাংবাদিকের বাড়িতে জামায়াতের হামলার প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাংবাদিক নুরুজ্জামান প্রধানের বাড়িতে জামায়াত-শিবিরের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। জেলা সাংবাদিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল শনিবার বেলা ১১টায় এ মানববন্ধন হয়।
নুরুজ্জামান রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দলাল দাস, আবু জাফর, রেজাউল হক, আবেদুর রহমান, রেজাউন নবী, আরিফুল ইসলাম, গোলাম মারুফ, জিয়াউল হক, সিরাজুল ইসলাম, সুজন প্রসাদ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকেরা কোনো দলের নয়। তাঁরা সব দলের খবর সংগ্রহ করে প্রকাশ করেন। এ সময় তাঁরা নুরুজ্জামানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কাদের মোল্লার ফাঁসির রায়কে কেন্দ্র করে ১২ ডিসেম্বর রাত আটটার দিকে পলাশবাড়ীতে তাণ্ডব চালান জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তাঁরা উপজেলা শহরের গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকায় সাংবাদিক নুরুজ্জামান প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।