সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগপত্র
পদ্মা সেতু প্রকল্পে শ্রমিক নিয়োগের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা মামলায় সাংবাদিক হাবিবুল্লাহ হাবিবের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে যশোরের সিআইডি পুলিশ। যশোর আদালত পুলিশের কার্যালয়ে গত শনিবার এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী ৮ মার্চ তারিখ ধার্য করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ যশোর কার্যালয়ের পরিদর্শক (ওসি) জাকির হোসাইন এ তথ্য দেন।
হাবিব শহরের বারান্দী-মোল্লাপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি জামিনে আছেন। জাকির হোসাইন বলেন, হাবিবুল্লাহ পদ্মা সেতু প্রকল্পে মাসিক ২২ হাজার টাকা বেতন দেওয়ার কথা বলে ১৫০ জনের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এই প্রতারণা মামলায় একমাত্র হাবিবুল্লাহকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, হাবিবুল্লাহ জেলার বিভিন্ন গ্রামের ১৫০ জনের কাছ থেকে প্রাথমিকভাবে ৮ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা নেন। এরপর তিনি তাঁদের পদ্মা সেতুতে চাকরি না দিয়ে ঘোরাতে থাকেন। ২০১৫ সালের ২০ অক্টোবর সকালে হাবিবের বাড়িতে টাকা ফেরত চাইতে গেলে তিনি লোকজনকে তাড়িয়ে দেন।
এ ব্যাপারে যশোর প্রেসক্লাবের সভাপতির কাছে অভিযোগ দেন ভুক্তভোগী ব্যক্তিরা। পরে তাঁরা ২৬ অক্টোবর যশোরের র্যা ব ক্যাম্পে অভিযোগ দেন। ওই দিন বিকেলে র্যা বের সদস্যরা হাবিবের বসার ঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। এ সময় ১৩৮টি ভুয়া নিয়োগপত্র, ২৭টি ছবিসহ জীবনবৃত্তান্ত উদ্ধার করে র্যা ব।
এ ঘটনায় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের শামীম পারভেজ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। মামলাটি প্রথমে থানার পুলিশ ও পরে সিআইডি পুলিশ তদন্ত করে।