সাংবাদিকের বিরুদ্ধে কৃষি কর্মকর্তার জিডি
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. কামাল। তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় তিনি এই জিডি করেছেন বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিকের নাম এস এম রাসেল কবির। তিনি ইত্তেফাক পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ২৬ ডিসেম্বর পাংশা থানায় এই জিডি করা হয়েছে। ২৯ ডিসেম্বর ওই কৃষি কর্মকর্তা ঢাকায় প্রধান কার্যালয়ে বদলি হয়েছেন বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিবাস দেবনাথ।
রাসেল কবির জানান, ২ নভেম্বর তথ্য অধিকার আইনে তিনি বেশ কয়েকটি তথ্য চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষি কর্মকর্তার কাছে আবেদন করেন। আবেদনে তিনি চলতি অর্থবছরে সমাপ্ত কৃষি মেলা ও কৃষি প্রযুক্তি মেলায় সরকারি বরাদ্দের পরিমাণ ও খাত অনুযায়ী ব্যয়ের বিবরণ চান। এ ছাড়া ২০১৩-১৪ অর্থবছরে পাংশা উপজেলায় প্রদর্শনী প্লটের সংখ্যা ও প্লটের অবস্থান, প্লট প্রাপ্তদের নাম-ঠিকানাও চেয়েছেন। আবেদনে তিনি ২০১৩-১৪ অর্থবছরে কতজন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাঁদের নাম ও ঠিকানা জানতে চান। ২০১৩-১৪ অর্থবছরে কতটি মাঠ দিবস পালিত হয়েছে, এ-সংক্রান্ত সরকারি বরাদ্দ ও ব্যয়ের পরিমাণ জানতে চেয়েও তিনি আবেদন করেন।
৫ নভেম্বর ইউএনও ওই আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য দেওয়ার নির্দেশ দেন। ৪ ডিসেম্বর কৃষি কার্যালয়ের তথ্য সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার তথ্য দিতে অপারগতা জানান। এ সময় তিনি লিখিতভাবে এই তথ্য সংগ্রহকে উদ্দেশ্যমূলক ও সন্দেহমূলক বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বিষয়টিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. কামাল বলেন, ‘ওই সাংবাদিক আমার কাছে চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তিনি এসব তথ্য চেয়েছেন। এ ঘটনায় থানায় জিডি করেছি।’
ইউএনও আমিনুল ইসলাম খান বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী এসব তথ্য দিতে কোনো বাধা নেই। পাংশা থানার ওসি আবুল বাসার মিয়া জিডির সত্যতা নিশ্চিত করেছেন।