সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রাজশাহীতে সাংবাদিক আনু মোস্তফার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল রোববার সকাল ১০টায় নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে রাজশাহীতে কর্মরত সাংবাদিক ছাড়াও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শাহীন আকতার, হাসান মিল্লাত, জামাত খান, গোলাম সাব্বির, মামুন-অর-রশিদ, এন্তাজুল হক, দেবাশিষ প্রামাণিক, কল্পনা রায়, শ ম সাজু, শাহজাহান আলী, হাসিব পান্না, হারুন অর রশিদ, মনজুর হাসানু, তাজুল ইসলাম, মনিরুজ্জামান, রিয়াজ আহমেদ খান, মহেশ চন্দ্র সরকার, সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ।
বক্তারা বলেন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখ্য ভূমিকা পালন করলেও কিছু অসাধু কর্মকর্তার জন্য পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাঁরা বলেন, আনু মোস্তফা দীর্ঘদিন থেকে পেশাগত সুনাম বজায় রেখে রাজশাহীতে কাজ করছেন। পুলিশের কতিপয় কর্মকর্তার আটক-বাণিজ্যের সংবাদ প্রকাশ করায় পুলিশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে নাশকতার মামলা দেয়।