সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আসিফ হোসেনের বিরুদ্ধে পুলিশের তোলা অভিযোগকে মিথ্যা অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চারজন সাংবাদিক নেতা। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ ও সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রোববার এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক আসিফ হোসেনকে ফোন করে বলেন, তিনি (আসিফ) ০১৬২৫-৬৩৮৬২৯ নম্বর থেকে ফোন করে ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপারকে (এএসপি) প্রাণনাশের হুমকি দিয়েছেন। আসিফ পরিদর্শক রাজ্জাককে বলেন, পেশাগত জীবনে তিনি কখনো ফতুল্লা মডেল থানার এএসপিকে ফোন করেননি এবং ওই নম্বর বা সংশ্লিষ্ট মুঠোফোন কোম্পানির কোনো নম্বর তিনি ব্যবহার করেন না। তিনি পরিদর্শক রাজ্জাককে বলেন, ‘আপনারা তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই নম্বরটি ট্র্যাক করে প্রকৃত হুমকিদাতাকে সহজেই শনাক্ত করতে পারেন।’
বিবৃতিতে আরও বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে আসিফ হোসেনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয়। এর আগে প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদের কারণে আসিফ হোসেনকে নারায়ণগঞ্জের একটি প্রভাবশালী গোষ্ঠী হুমকি দেয়। বিজ্ঞপ্তি।