সাংবাদিকের মাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩
ইত্তেফাক-এর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী চক্রবর্তীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার শ্যামনগর গ্রামের ইমান আলী (৫০), সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের ইছাক আলী (৪০) ও মানতা গ্রামের বাচ্চু মিয়া (৩৫)। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছেন।গত ৯ আগস্ট রাতে উপজেলার মধ্য সিঙ্গাইর গ্রামে নিজ বাড়িতে উমা দেবীকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মানবেন্দ্র চক্রবর্তী বাদী হয়ে সিঙ্গাইর থানায় ডাকাতি ও হত্যার অভিযোগে দুটি মামলা করেন।মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ডাকাতির সময় লুটে নেওয়া মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে গত সোমবার সদর উপজেলার বাড়াই ভিকরা বাসস্ট্যান্ড থেকে ইছাক আলীকে গ্রেপ্তার করা হয়। ইছাকের দেওয়া তথ্য অনুযায়ী বাচ্চু মিয়া ও ইমান আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেন, ঘটনার রাতে তাঁরা পাঁচজন টিনের বেড়া কেটে উমা দেবীর শোবার ঘরে ঢোকেন। এ সময় উমা দেবী চিৎকার দিলে তাঁরা তাঁর মুখ চেপে ধরে দুই পা বেঁধে ফেলেন। এরপর গলায় লুঙ্গি পেঁচিয়ে উমা দেবীকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাঁরা ঘরের স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যান।এ ঘটনায় জড়িত আরও দুজনের নাম গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রকাশ করেছে বলে ডিবির ওই কর্মকর্তা জানিয়েছেন। ডিবির উপপরিদর্শক হোসাইন জানান, গ্রেপ্তার হওয়ার ব্যক্তিরা হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র আইনের মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি।