সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক গোলাম সারওয়ার বেলালের মুক্তির দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। পেট্রলবোমা হামলার ঘটনায় করা মামলায় তিনি কারাগারে আছেন।
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাব যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। জৈন্তাপুর সদরের তামাবিল সড়কের পাশে গতকাল বিকেলে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে আগামী ১ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।
গোলাম সারওয়ার দৈনিক সংগ্রাম ও সিলেটের আঞ্চলিক দৈনিক জালালাবাদ-এর জৈন্তাপুর প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। ২৪ জানুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে ২০১৬ সালের ১৯ জানুয়ারি সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় একটি ট্রাকে পেট্রলবোমা হামলা হয়। হামলায় ওসমানীনগরের বাসিন্দা ট্রাকচালক বকুল দেবনাথ (৩৫) দগ্ধ হন। তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। ২৭ সেপ্টেম্বর বকুল মারা যান। এ ঘটনার পরপরই গোয়াইনঘাট থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করে। ওই মামলায় গোলাম সারওয়ারকে গ্রেপ্তার করা হয়।