সাংবাদিকের স্ত্রীকে চাকরির আশ্বাস মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক আবদুল হাকিমের (শিমুল) স্ত্রীকে চাকরিতে নিয়োগের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিহত সাংবাদিকের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে মন্ত্রী এই আশ্বাস দেন।

মোহাম্মদ নাসিম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। হত্যাকারী যত ক্ষমতাধরই হোন না কেন, তাঁকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।

মন্ত্রী নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন্নাহারকে এক লাখ টাকা অনুদান দেন। সেই সঙ্গে এসেনশিয়াল ড্রাগ ওষুধ কোম্পানিতে চাকরির আশ্বাস দেন। এ সময় মন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী লায়লা নাসিমও ছিলেন।

সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুল রাজীব প্রমুখ।

গত বৃহস্পতিবার শাহজাদপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবদুল হাকিম। তিনি সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি ছিলেন।

আরও পড়ুন: