সাংবাদিকের হাত ভেঙে দিলেন আ.লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল শনিবার একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধির ওপর হামলা চালিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. নাজিম উল্লাহ তাঁর ওপর হামলা চালান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকার কলেজ মার্কেটে অনুপম মিডিয়া সেন্টারের বারান্দায় দৈনিক ইত্তেফাক-এর উপজেলা প্রতিনিধি মো. শাহ আলম ভূঁইয়া বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে আওয়ামী লীগের নেতা নাজিম উল্লাহ তাঁর ওপর হামলা চালান। ওই নেতা রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। রডের আঘাতে শাহ আলমের ডান হাত ভেঙে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তাজুল ইসলাম খান বলেন, শাহ আলমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এক্স-রে করার পর ডান হাত কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা বোঝা যাবে।

সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে নাজিমের মুঠোফোনে কয়েক দফা চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাড়িতে খোঁজ নিলে জানানো হয়, তিনি বাড়ি নেই।

শাহ আলম বলেন, প্রভাবশালীদের জুয়ার আয়োজন নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর তাঁরা ক্ষিপ্ত হন। গত শুক্রবার আওয়ামী লীগের নেতা নাজিম উল্লাহ মুঠোফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এরপর তিনি শুক্রবার সন্ধ্যায় নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি অভিযোগ করেন, থানায় জিডি করেও তিনি নিরাপত্তা পাননি।

তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, তিনি ওই সাংবাদিকের বাসায় গিয়ে থানায় অভিযোগ দিতে বলেছেন। জিডির অভিযোগ তদন্ত করতে অনুমোদনের জন্য আদালতে পাঠানো হয়েছে।