এবিএম মূসা ছিলেন আপসহীন ও সাহসী সাংবাদিক। তিনি ছিলেন ব্যবহারিক সাংবাদিকতার শিক্ষক। সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে পারলেই তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘এবিএম মূসা স্মারকগ্রন্থ’র প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন। ‘এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন’ ওই স্মারকগ্রন্থটি প্রকাশ করে। বইটিতে এবিএম মূসাকে নিয়ে ১০২ জনের লেখা রয়েছে। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বইটির সম্পাদনা পরিষদের সভাপতি।
প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এবিএম মূসা সাংবাদিকতার শিখরে উঠতে সমর্থ হয়েছিলেন। সাম্প্রদায়িকতাবিরোধী চেতনা ও সামগ্রিকভাবে বাঙালি জাতীয়তাবাদের চেতনা বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাকিস্তান আমলে সামরিক সরকারের সময়ে এবিএম মূসার সাহসী সাংবাদিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, সামরিক সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত কাজ সম্পর্কে যেসব উপদেশ দেওয়া হতো, সেগুলো অবশ্যপালনীয় ছিল, কিন্তু তার ফাঁকফোকর দিয়েও এবিএম মূসা যেভাবে সত্য কথা বলার চেষ্টা করেছিলেন, সেটি সাংবাদিকতার ইতিহাসে দৃষ্টান্ত। এই স্মারকগ্রন্থ সাংবাদিকতার ইতিহাসের একটি পর্ব উন্মোচন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এবিএম মূসা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত করেছেন। তাঁকে নিয়ে সম্পাদিত এই স্মারকগ্রন্থটি দেশের সাংবাদিকতা শিক্ষায় বড় ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বলেন, এবিএম মূসা সাংবাদিকতায় শুধু একটি নাম নয়, তিনি একজন বড়মাপের মানুষ ছিলেন।
নিউজ টুড-এর সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, এটা সবাই স্বীকার করবেন যে এবিএম মূসা ছিলেন সাহসী সাংবাদিক, শিক্ষক। তাঁর সাংবাদিকতার জীবন ছিল বর্ণাঢ্য। তিনি পাকিস্তান অবজারভার-এ এবিএম মূসার অধীনে তাঁর কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, আপসহীন সাংবাদিকতার মূলমন্ত্রে দীক্ষিত হতে পারলেই এবিএম মূসার প্রতি যথাযথ সম্মান জানানো হবে।
কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, মুসলমান সমাজে দ্বিতীয় প্রজন্মের প্রধান সাংবাদিকদের অন্যতম ছিলেন মূসা। সাংবাদিকতার জন্য অপরিহার্য সব গুণ তাঁর মাঝে ছিল।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, এবিএম মূসা ছিলেন ব্যবহারিক সাংবাদিকতার শিক্ষক। সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে পারলেই তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে। তিনি বলেন, এ ধরনের স্মারকগ্রন্থ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকতা বিভাগ, সাংবাদিক সংগঠনগুলোরও দায়িত্ব আছে।
প্রকাশনা উৎসবে এবিএম মূসার স্ত্রী সেতারা মূসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সাখাওয়াত আলী খান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে হলি ডে সম্পাদক সৈয়দ কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের একাংশের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ, এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।