সাংবাদিকেরা গণ-অনশন করবেন ২৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে ২৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ-অনশনের ডাক দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সাংবাদিকদের সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সাগর-রুনি হত্যার বিচারসহ কয়েকটি দাবিতে বিএফইউজের উভয় অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) উদ্দেশে বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আমরা জানতে চাই, তদন্ত করতে কত মাস সময় লাগে? অনির্দিষ্টকাল ধরে তদন্ত চলবে আর আমরা বসে থাকব, এমনটি ভাবার কোনো কারণ নেই।’রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ইকবাল সোবহান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। বিরোধী দলের অবরোধ চলাকালে সংবাদকর্মীদের ওপর হামলা এবং বিভিন্ন স্থানে প্রথম আলোসহ অন্যান্য পত্রিকাবাহী গাড়ি যেতে না দেওয়ারও সমালোচনা করেন তিনি। বিএফইউজের আরেক অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সাগর-রুনির হত্যাকারীদের বিচার না হলে কোনো সাংবাদিকই নিরাপদ থাকবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গালে হাত দিয়ে অনেক কথা বলেন। আমরা তাঁর পুরোনো ইতিহাস টানতে চাই না। আপনি ভুল করে ফেলছেন, জজ মিয়া নাটক সাজিয়ে পার পাবেন না।’বিএফইউজের (একাংশ) মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘আজ পর্যন্ত বলা হয়নি কারা এবং কেন সাগর-রুনিকে হত্যার জন্য খুনিদের ভাড়া করেছিল। হঠাৎ করে তদন্ত থেমে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবল সন্দেহ হচ্ছে, এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে।’বিএফইউজের আরেক অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্য অনেক কিছুই করেছে। কিন্তু সাগর-রুনির হত্যাকারীদের বিচারের আওতায় না আনতে পারলে সবকিছু ম্লান হয়ে যাবে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবি জানান। সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে আবদুস শহীদ, ওমর ফারুক, শাহেদ চৌধুরী, শাখাওয়াত হোসেন, শাবান মাহমুদ, সাজ্জাদ আলম খান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান।