সাংবাদিকেরা জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে মনিপুর বিদ্যালয়ে হামলা করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ কামাল আহমেদ মজুমদার বলেছেন, সাংবাদিকেরা জামায়াতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে মনিপুর উচ্চবিদ্যালয়ে হামলা করেছেন। জাতীয় সংসদে গতকাল সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।কামাল মজুমদার বলেন, ‘একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকেরা সাংবাদিকতার নামে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। তাঁরা স্কুলে ঢুকে শিক্ষকদের গায়ে হাত তুলেছেন। শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রীদের লাঞ্ছিত করেছেন।’ তিনি বলেন, ‘মনিপুর স্কুল ঢাকার একটি সেরা স্কুল। এই স্কুলের দুটি শাখা করা হয়েছে। স্কুলটি অভিভাবক ও আমাদের যৌথ অংশীদারিতে করা হয়েছে। আমরা ডোনেশন নিয়ে থাকি। এতে কোনো অপরাধ করিনি। আমরা যে বেশি টাকা নিয়েছি, তা নিয়ে কোনো অভিভাবক অভিযোগ করেননি। যদি দুর্নীতি করে থাকি, তবে শিক্ষামন্ত্রী তাঁর যেকোনো প্রতিনিধি দিয়ে তদন্ত করে দেখতে পারেন।’ তিনি ওই ঘটনার তদন্ত দাবি করেন।আলোচনায় নুরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত রাজনৈতিক কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে অতল গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে।আলোচনায় আরও অংশ নেন আবুল কালাম আজাদ ও জিন্নাতুননেসা তালুকদার। এরপর সংসদ অধিবেশন আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।