সাংবাদিক-ছড়াকার ওবায়দুল গণি চন্দন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল গনি চন্দন
ওবায়দুল গনি চন্দন

সাংবাদিক ও ছড়াকার ওবায়দুল গনি চন্দন (৪৩) গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ফিচার সম্পাদক পদে কর্মরত ছিলেন।
চন্দনের সহকর্মীরা জানান, শুক্রবার রাতে চন্দন তাঁর এক বন্ধুর বাসায় ছিলেন। শনিবার ভোরে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই চন্দনের মৃত্যু হয়েছে। তিনি হৃদ্রোগে ভুগছিলেন।
চন্দনের বন্ধু ও ছড়াকার রোমেন রায়হান জানান, চন্দনের মরদেহ হাসপাতাল থেকে প্রথমে তাঁর কর্মস্থল মানবকণ্ঠ কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে বেলা পৌনে তিনটার দিকে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিয়ে যাওয়া হয়। গতকালই মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
ওবায়দুল গণি চন্দন এর আগে বৈশাখী টেলিভিশনে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি বাংলাভিশন, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও পাক্ষিক তারকালোক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তাঁর স্ত্রী রুবিনা মোস্তফা এসএ টেলিভিশনের সাংবাদিক। তাঁদের এক ছেলে আছে।