আইনজ্ঞ ও রাজনীতিক ড. কামাল হোসেন বলেছেন, সাংবিধানিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে স্বাধীন বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার রাজধানীতে অনুষ্ঠিত ‘বর্ণবাদ-পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড রাইটস স্টাডিজ (সেইলস) যৌথভাবে সিরডাপ মিলনায়তনে এই সভার আয়োজন করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ড. কামাল বলেন, দক্ষিণ আফ্রিকার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তাদের বর্তমান সংবিধান ১৯৯৪ সালে রচিত হলেও তথ্য অধিকারকে তারা মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। অথচ, বাংলাদেশে এই আইন হতে ৩৮ বছর লেগেছে। কামাল হোসেন উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত উচ্চক্ষমতাসম্পন্ন। এটি সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে রায় দেয়। সভায় মূল বক্তা ছিলেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ও আন্তর্জাতিক দণ্ডবিধি বিভাগের অধ্যাপক ডার্ক ভ্যান জিল স্মিট। অধ্যাপক স্মিট বর্ণবাদী শাসন অবসানের পর থেকে দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরেন। সারা হোসেন সভায় উদ্বোধনী বক্তব্য দেন।