সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে নির্বাচন কমিশন অপারগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সংবিধানে অগাধ ক্ষমতা দেওয়া থাকলেও নির্বাচন কমিশন (ইসি) তা প্রয়োগে অনিচ্ছুক বা অপারগ। কমিশনের এ ধরনের আচরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার পথে একটি চ্যালেঞ্জ বা বাধা হিসেবে দেখা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনী আইনের সংস্কার: আমরা কোথায়’ শিরোনামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আলোচকেরা আসন্ন নির্বাচন নিরপেক্ষ হবে কি না বা ইসির সে প্রস্তুতি আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন। নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচনী ব্যয়সীমা ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করাসহ বিভিন্ন সংশোধনী এবং বিদ্যমান আচরণবিধির বিভিন্ন ধারা বাতিল বা পরিবর্তন করে নির্বাচন কমিশন যে আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে, তাতেও কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে আলোচকেরা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এতে উল্লেখ করা হয়, বিগত সিটি করপোরেশন নির্বাচনগুলোতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশন কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বর্তমানে ক্ষমতাসীন দল সরকারি অর্থ ও সুযোগ-সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে গেলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
লিখিত বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, গত ২৭ অক্টোবর থেকে নির্বাচনের সূচনা হলেও ক্ষমতাসীন দল বিনা দ্বিধায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী সরকারি ব্যয়ে ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নিয়ে দেশের বিভিন্ন স্থানে জনসভা করে নিজ দলের পক্ষে ভোট চাচ্ছেন। এ ধরনের কার্যকলাপ নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব ফেলবে। অথচ নির্বাচন কমিশন বলছে, সরকারপ্রধান ও সরকারি দলের কার্যক্রম নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৮ সালের বিদ্যমান আচরণবিধি (গেজেট প্রকাশের মাধ্যমে বাতিল করা হয়নি) অনুযায়ী, ‘নির্বাচন-পূর্ব সময়’ ছিল ৯০ দিন। প্রস্তাবিত সংজ্ঞা অনুযায়ী ‘নির্বাচন-পূর্ব সময়’ এর পরিমাণ আনুমানিক ৪৫ দিন।
নির্বাচন কমিশনের এ ধরনের কার্যক্রমের কারণে সুজন এ প্রতিষ্ঠানটির পুনর্গঠন চায় কি না, গণমাধ্যমকর্মীদের এ ধরনের প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, ‘সুজন এ মুহূর্তে এ ধরনের সুপারিশ করছে না। তবে এ ক্ষেত্রে নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সুজনের নির্বাহী সদস্য ও বিশিষ্ট মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, বিভিন্ন দেশে নির্বাচন হয় নাগরিকদের জন্য। কিন্তু বাংলাদেশে দুটি দলের মধ্যে লড়াই হচ্ছে। এ লড়াইয়ে কোনো রেফারিও নেই। ফলে নাগরিকেরা নির্বাচন থেকে ক্রমাগত অনেক দূরে সরে যাচ্ছেন। বর্তমান ক্ষমতাসীন দল সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে। আর এ ব্যাপারে কমিশনের নীরব ভূমিকার জন্য প্রশ্ন উঠছে বলে উল্লেখ করেন তিনি।