সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অশালীন মন্তব্য করলে এনজিওর নিবন্ধন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক বা অশালীন মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে এনজিও ব্যুরো সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা বা এনজিওর নিবন্ধন বাতিল করতে পারবে।
বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৬-তে এ বিধান রাখার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বিলটি যাচাই-বাছাই করে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল সোমবার সংসদে প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনটি উপস্থাপন করতে গিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, টিআইবি সংসদ নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় সংসদে উত্তেজনা হয়েছে। কোনো এনজিও সংসদ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, এমন নিয়ম বিশ্বে নেই। এই আইনটি হলে টিআইবি বা অন্য কোনো এনজিও নির্বাচন কমিশন, সংসদ বা অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে অশালীন মন্তব্য করতে পারবে না।
গত বছরের ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী। এর কয়েক দিন পরে টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংসদকে ‘পুতুলনাচের নাট্যশালা’ হিসেবে অভিহিত করেন। তাঁর এ মন্তব্যকে ঘিরে সংসদের অধিবেশনে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে সংসদীয় কমিটি থেকেও টিআইবিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল।
ইফতেখারুজ্জামানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি বিলে সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে কটাক্ষমূলক মন্তব্য ও অপরাধ-সম্পর্কিত এ বিধান যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এরপর বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষ ব্যক্তিরা ১৮ মে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করে বিলের এ ধারাটি বাতিলের সুপারিশ করেন। কিন্তু সংসদীয় কমিটি তাঁদের সুপারিশ আমলে নেয়নি।
ওই বৈঠকের পর সুরঞ্জিত সেনগুপ্ত গণমাধ্যমকে বলেছিলেন, টিআইবি সংসদ নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিল। এ জন্য তাদের ‘সরি’ বলার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তাতে সাড়া মেলেনি। তাই কমিটি প্রস্তাবিত আইনে সংসদসহ যেকোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার জন্য এনজিওগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রেখেছে।
জানতে চাইলে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানের সমালোচনা কেন করা যাবে না? এটা তো মানুষের অধিকার। সে জন্য আমরা সংসদীয় কমিটিকে বিল থেকে এই ধারাটি বাদ দিতে বলেছি। কারণ, বিলে সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠান-সম্পর্কিত “অশালীন”, “অশোভন” ও “কটাক্ষমূলক” শব্দের সংজ্ঞা দেওয়া নেই। এই অস্পষ্টতার সুযোগে আইনটির অপব্যবহার হবে। সাধারণ সমালোচনাকে অশোভন বক্তব্য হিসেবে সংজ্ঞায়িত করা হবে।’