সাংবিধানিক বিধির সঙ্গে অসংগতিপূর্ণ কোনো আইন দেশে চলতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা হচ্ছে ছোট অপরাধে বড় শাস্তির একটি প্রকৃষ্ট উদাহরণ। চাকু দিয়ে কাউকে আঘাত করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দেওয়ার বিধান আছে। অপরদিকে অন্তর্জালে (ইন্টারনেট) কাউকে গালি দিলে ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার নিয়ম রয়েছে। আর তাই আইনটিকে সবাই নেতিবাচকভাবে দেখছেন। এ কারণে আইনটি ইতিমধ্যেই ‘কালো আইন’ হিসেবে আখ্যা পেয়েছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেটের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা: সাংবিধানিক অধিকারের পরিপন্থী’ শীর্ষক এই সেমিনারে আইনজীবী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিন। মো. আরশ আলীর সভাপতিত্বে শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সমিউল আলম, আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য, মিজানুর রহমান, বদরুল ইসলাম চৌধুরী প্রমুখ।