সাংবিধানিক সীমাবদ্ধতা সত্ত্বেও বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, সাংবিধানিক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করছেন। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুপুর একটায় আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা হয়। এর আগে প্রধান বিচারপতি কুমিল্লার বিভিন্ন আদালত পরিদর্শন করেন এবং কিছু সময় নিয়ে বিচারকার্য শোনেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন কুমিল্লা জেলা ও দায়রা জজ এ আর মাসউদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল, সৈয়দ আবদুল্লাহ, জহিরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান কাইমুল হক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সেলিম হোসেন। এ সময় প্রধান বিচারপতির সফরসঙ্গী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম, বেঞ্চ অফিসার কবির হোসেন ও কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি আরও বলেন, বিচারককে নিজেকে নিজে স্বাধীন মনে করতে হবে। সৎ ও ন্যায়নিষ্ঠার সঙ্গে একাগ্রতা নিয়ে বিচারকাজ করতে হবে। একই সঙ্গে বেঞ্চ ও কোর্টের মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে। তিনি বলেন, কুমিল্লার আদালতে ১০ বছরের পুরোনো মামলাজট রয়েছে। দ্রুততম সময়ে এগুলো শেষ করতে হবে। তা না হলে একসময় মামলার সাক্ষী খুঁজে পাওয়া যাবে না। এতে সংশ্লিষ্ট জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। জুডিশিয়াল সচিবালয় প্রতিষ্ঠার জন্য সব ধরনের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।