আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরামের চট্টগ্রাম অঞ্চল শাখা।
সকালে বেলুন উড়িয়ে আদিবাসী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন পাহাড়ি শিল্পীরা। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার’।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রাহমান নাসির উদ্দিন বলেন, বাংলাদেশে ৩০ লাখের বেশি আদিবাসী রয়েছে। কিন্তু রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর ভেতরে তাঁদের কোনো স্থান হয়নি। বরং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তাঁদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রকৃতপক্ষে জাতি কখনো ছোট বা বড় হতে পারে না। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
অধ্যাপক রাহমান নাসির উদ্দিন আরও বলেন, ভূমিদস্যুদের ক্রমাগত আক্রমণ ও আগ্রাসী মনোভাবের কারণে আদিবাসীরা প্রান্তিক থেকে আরও প্রান্তিক অবস্থানে চলে যাচ্ছে। ভূমির সমস্যার কারণে আদিবাসীরা অস্তিত্বসংকটে পড়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, বাংলাদেশের আদিবাসীরা এখনো অনেক পিছিয়ে আছে। মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি এর অন্যতম কারণ। তাই প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা চালুর জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও বাজেট বরাদ্দ দিতে হবে। পর্যটনের নামে বিভিন্ন অঞ্চল থেকে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সভাপতি শরৎ জ্যোতি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক তাপস হোড়, সাংবাদিক সৈয়দ আবদুল ওয়াজেদ প্রমুখ বক্তব্য দেন।
সভার আগে পাহাড়ি শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।