দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী জনগোষ্ঠী জড়ো হয়েছেন নগরের এলজিইডি মিলনায়তনে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলো। একসময় দেখা গেল, হলভর্তি আদিবাসী জনগোষ্ঠী জাতীয় সংগীতে কণ্ঠ মেলাচ্ছেন। অথচ স্বাধীনতার ৪০ বছরেও এই জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। গতকাল শুক্রবার আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশন আয়োজিত প্রথম জাতীয় কনভেনশনে আবারও তাঁদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হলো। একই সঙ্গে আদিবাসীদের মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা।দুই দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী পর্বের প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, জাতীয় সংবিধানে বাংলাদেশের জনগোষ্ঠী বা জনগণ বলতে সবাইকে বোঝানো হয়েছে। সেই হিসেবে আদিবাসীরাও মৌলিক অধিকার ভোগ করছেন।আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংবিধানের মুদ্রণকাজ চলছে। সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি বিশেষ কমিটির কাছে তুলে ধরা হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করা দরকার, সবই করার অঙ্গীকার করেন তিনি।মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতিসত্তা নিজ নিজ সংস্কৃতিতে বসবাস করছে। এটি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যা গৌরবের বিষয়। বিশেষ অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘বাঙালি-আদিবাসী সবাই এই মাটির ও এক মায়ের সন্তান। মা সন্তানদের মধ্যে বিভেদ করেন না। কিন্তু কিসের মারপ্যাঁচে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তা সাধারণ জনগণের বোধগম্য নয়। তবে এটা স্বীকার করতেই হবে, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে না পারা জাতীয় ব্যর্থতা।’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ালিশনের মুখপাত্র মেসবাহ কামাল। তিনি মূল বক্তব্যে বলেন, বাঙালির শেকড় সন্ধান করতে হলে আদিবাসীদের কাছে ফিরে যেতে হবে। ১৯৭২ সালের সংবিধানে তাঁদের স্বীকৃতি দেওয়া হয়নি। বর্তমান সংবিধান সংশোধনে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ম. হাবিবুর রহমান, নিরোলা তনসং ও রাফিজা শাহীন। কনভেনশনের সমাপনী পর্বে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবদুল আউয়াল মজুমদার আদিবাসী শিশুদের শিক্ষার বিষয়টিতে গুরুত্ব দেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষানীতি বাস্তবায়িত হলে আদিবাসীদের শিক্ষার অধিকারটিও বাস্তবায়িত হবে। স্কুলগুলোয় আদিবাসী শিক্ষক নিয়োগসহ অন্য কাজগুলো চ্যালেঞ্জিং হলেও তা শুরু করতে হবে। কনভেনশনের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী জান্নাত-এ ফেরদৌসী। দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিরা নৃত্য পরিবেশন করেন।