সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজনে আদিবাসী শিক্ষার্থীরা গতকাল সোমবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে মানববন্ধন করেছে। সংবিধানে আদিবাসীদের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়া, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া ও ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে অন্য ধর্মের প্রতি অবমাননার প্রতিবাদে এই মানববন্ধন করা হয়। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি বিটন চাকমা, সাধারণ সম্পাদক অমর সিংহ চাকমা, সুনীল ত্রিপুরা তড়িঘড়ি করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস করার সমালোচনা করেন। তাঁরা বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে আদিবাসীদের কখনো বাঙালি বানানো যায় না। আদিবাসীরা এ দেশে নিজস্ব স্বাতন্ত্র্য পরিচয়ে বেঁচে থাকতে চায়। চাপিয়ে দেওয়া পরিচয় কখনো মেনে নেওয়া যায় না। ইসলামকে রাষ্ট্রধর্ম করার সমালোচনা করে বক্তারা বলেন, এতে অন্য ধর্মের প্রতি অবমাননা করা হয়েছে।