সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ। পরিষদের নেতারা বলেছেন, সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। তাই সংবিধানে আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করতে হবে। তারা পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুননেসা কলেজের আদিবাসী শিক্ষার্থীরা অংশ নেন।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে পাহাড়ি ছাত্র পরিষদ। সমাবেশে পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবলু চাকমা বলেন, বর্তমান সরকার আদিবাসীদের সঙ্গে পরামর্শ ছাড়াই তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে। এটি নৃবিজ্ঞানের দৃষ্টিতে ভুল ও অগ্রহণযোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, বাহাত্তরের সংবিধান ত্রুটিপূর্ণ ছিল। তাতে বাংলাদেশের জনগণকে বাঙালি বলা হয়। এ দেশে বাঙালি ছাড়া আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তাদের কথা ওই সংবিধানে লেখা নেই। সমাবেশে আদিবাসীদের ঐতিহ্যগত অধিকার এবং খনিজ, বনজ, জলজসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর আদিবাসীদের অধিকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।