সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আদিবাসীদের শোভাযাত্রা
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ভূমির অধিকারের দাবিতে গতকাল সোমবার রাজশাহীতে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সাঁওতাল বিদ্রোহের ১৫৬ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘আমরা আদিবাসী, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমির অধিকার আমাদের রাজনৈতিক দাবি’ এই স্লোগান সামনে রেখে সকাল ১০টার দিকে নগরের কুমারপাড়ার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগার চত্বরে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জাতীয় আদিবাসী পরিষদের পুঠিয়া উপজেলার সভাপতি আলেকজেন্ডার সরেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনীল মারান্ডি, জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদক লিয়াকত আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহানগর সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।বক্তারা বলেন, মহাজোট সরকার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে বলে নির্বাচনী ইশতেহারে ওয়াদা করেছিল। কিন্তু এখন সরকার আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে স্বীকৃতি দিচ্ছে। এটি মেনে নেওয়া হবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।